এখন বাংলা ডেস্ক – ট্রামের পর এবার বাস উধাও। সরকারি বাস তো কমেছে, বেসরকারি বাসের অবস্থাও তথৈবচ। ২০২৫ শুরু হবার আগেই শহর কলকাতা থেকে প্রায় ১৫০০ বি এস-ফোর বাসের অস্তিত্ব থাকবে না, এমনই নির্দেশ ক্যালকাটা হাইকোর্টের। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাসমালিকদের সংগঠন। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টির গুরুত্ব বুঝে ক্যালকাটা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয়।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত ১ অগস্ট থেকেই ১৫ বছরের পুরনো বাসগুলো রুট থেকে তুলে নেওয়ার নির্দেশ কার্যকর করে পরিবহণ দফতর। অগাষ্ট থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫৬৫টি বাস বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ করে বাসগুলো বন্ধ হয়ে যাওয়ায় নতুন বাস কেনার মত আর্থিক অবস্থায় নেই বাস মালিকরা। সেই নিয়ে পরিবহন মন্ত্রী এই বিষয়ে বিকল্প কোনো নিদান দেন নি। রাস্তায় দাঁড়ালে দীর্ঘ সময় বাসের জন্যে অপেক্ষা সেই সঙ্গে বাস অনুপাতে যাত্রী বেশি হওয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। ফলে মধ্যবিত্ত চাকুরীজীবীদের কর্মজীবনে বাস এখন বাঁশে পরিণত হয়েছে।

কয়েক বছর আগে পরিবেশবিদ সুভাষ দত্তের করা মামলার ভিত্তিতে ক্যালকাটা হাইকোর্টের গ্রিন ট্রাইবুনালের নির্দেশ, ১৫ বছরের বেশি কোনও বাস আর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথিরিটির এলাকায় চালানো যাবে না। আদালতের রায়কে স্বাগত জানিয়ে সুভাষ বাবু বলেন “পুরনো বাস চলাচল বন্ধ হলে দূষণ অনেকটাই কমবে। অনেক বাস দূষণবিধির কাগজপত্র ছাড়াই ম্যানেজ করে চলছে”।








