এখন বাংলা ডেস্ক – জয়নগর শিশু ধর্ষণ-খুন কাণ্ডে তদন্তের গতি বাড়াতে এবার সিট গঠন করল রাজ্য। এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ৮ সদস্য। তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন বারুইপুর অতিরিক্ত পুলিশ সুপার। মঙ্গলবার সকালেই নির্যাতিতার শেষকৃত্য হয়।
শুক্রবার বিকেলে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় চতুর্থ শ্রেণীর ছাত্রী। রাতে বাড়ি না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার। কিন্তু পুলিশ এই থানা সেই থানা ঘুরিয়ে দায় এড়িয়ে যায় বলে পরিবারের অভিযোগ। রাতে জয়নগরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নির্জন জলাভূমি থেকে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার করা হয়। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শনিবার এই ঘটনায় গোটা দিন উত্তপ্ত হয়েছিল মহিষমারি এলাকা। পুলিশ ফাঁড়িতেও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা। পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা।
চতুর্থশ্রেণির ওই ছাত্রীকে যৌন নির্যাতনের পরেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোটে উল্লেখও করা হয়েছে। এরপরই সিট গঠনের ঘোষণা হয়েছে। মঙ্গলবার রাজ্য পুলিশের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার সিট তৈরির কথা ঘোষণা করেন। এই তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন বারুইপুর অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত। এই টিমে রয়েছেন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, জয়নগরের সিআই সুবীর ঢালি, এসআই ত্রিদিব মল্লিক, এসআই সৌমেন দাস ও এসআই তন্ময় দাস।


