এখন বাংলা ডেস্ক – বিশ্ব চলচ্চিত্রে সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি হল অস্কার, ভারতীয় সিনেমা জগতে শ্রেষ্ঠ স্বীকৃতি হল দাদাসাহেব ফালকে পুরস্কার। ১৯৬৯ সালে তৎকালীন কংগ্রেস সরকার এই পুরস্কারের প্রচলন করে। ভারতীয় চলচ্চিত্রের জনক ধুন্ডিরাজ গোবিন্দ ফালকের স্মৃতিতে দাদাসাহেব ফালকের নামাঙ্কিত পুরস্কার। ১৭তম জাতীয় চলচ্চিত্র উৎসবে প্রথম এই সম্মানে ভূষিত হন বাঙালি অভিনেত্রী দেবিকা রানী।

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপককে একটি স্বর্ণকমল পদক, নগদ ১০ লক্ষ টাকা এবং একটি শাল দেওয়া হয়। ২০২৪ পর্যন্ত ৫৪ জনকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

মরণোত্তর এই পুরস্কার পেয়েছেন পৃথ্বীরাজ কপূর ও বিনোদ খন্না। সহোদর ভাই ও বোন হিসেবে পেয়েছেন রাজ কপূর ও শশী কপূর, বি আর চোপড়া ও যশরাজ চোপড়া, বি এন রেড্ডি ও বি নাগি রেড্ডি, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে।

৫৪ জন প্রাপকের মধ্যে ১৫ জন বাঙালি এই স্বীকৃতি পেয়েছেন। সাতের দশকে টানা ৪ বছর (১৯৭৫-৭৮) এই স্বীকৃতি পেয়েছে বাঙালি কৃতীরা। যথাক্রমে ডি এন গাঙ্গুলি, কানন দেবী, নীতিন বসু ও আর সি বড়াল। গায়ক মান্না দে পেলেও সমসাময়িক হেমন্ত মুখোপাধ্যায় পান নি, অভিনেতাদের মধ্যে কানন দেবী, সৌমিত্র, মিঠুন পেলেও বাঙালির নস্টালজিক হার্টথ্রব উত্তম কুমার ও সুচিত্রা সেন পান নি। অন্যদিকে কালজয়ী মহিষাসুর মর্দিনী খ্যাত সুরকার পঙ্কজ মল্লিক পেলেও শচীন দেব বর্মণ পান নি।








