ডিভিসির বিরুদ্ধে অধীরের মামলা গ্রহণ করল না হাইকোর্ট। মঙ্গলবার অধীর চৌধুরী আদালতের দ্বারস্থ হলে কলকাতা হাইকোর্ট সেটি ফিরিয়ে দেয়। প্রসঙ্গত দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরুদ্ধে তিনি জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু পুজোর আগে তার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।

এবছর দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা একে পূর্বতন সরকারের ৭৮র বন্যার সঙ্গে তুলনা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে দায়ী করে পুনরায় ম্যানমেড বন্যা বলেছেন। দামোদর ভ্যালি কর্পোরেশন না জানিয়ে বিপুল পরিমাণ জল কয়েক ঘণ্টার মধ্যে ছেড়ে দেয় বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। নিম্ন দামোদর উপত্যকা ভেসে যাওয়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলের তলায়। আমজনতার জীবন বিপর্যস্ত, আসন্ন আনন্দের উৎসব শোকে পরিণত।বিরোধীদের দাবি, আর জি কর ইস্যু থেকে দ্রুত নজর ঘোরাতে ডিভিসির ঘাড়ে দায় চাপিয়ে ম্যান মেড বন্যার আশ্রয় নিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ তিন সদস্যর কমিটিতে বাংলাকে না জানিয়ে কেন্দ্র জল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে না।

অন্যদিকে কেন্দ্রীয় জলবিদ্যুৎ মন্ত্রকের দাবি তারা রাজ্যকে জানিয়ে জল ছেড়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য মানতে নারাজ কেন্দ্র। এই নিয়ে দিল্লি ও রাজ্যের মধ্যে চিঠি পাল্টা চিঠিও হয়েছে। ফলত বন্যা নিয়ে বাংলার জনতার বিভ্রান্তি দূর করতে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মামলাটি করতে চেয়েছেন।




