Ekhon Bangla

বিদায়ের আগে ‘থ্রেট’ বর্ষণ

বাংলায় থ্রেট কালচার অব্যাহত। সুযোগ বুঝে বৃষ্টিও থ্রেট দিচ্ছে বঙ্গবাসীকে। ২রা অক্টোবর মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত অস্বস্তিতে থাকবে বাংলা।

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির জেরে বাংলায় নাজেহাল পরিস্থিতি। গোদের উপর বিষফোঁড়ার মত ডিভিসি জল ছাড়ায় একাধিক জেলা বানভাসি। আলিপুর আবহাওয়া দফতরে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন, নিম্নচাপের ভ্রুকুটি কেটে গিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে আকাশ পরিষ্কার। কিন্তু আগামী বুধবার মহালয়ার দিন থেকে আবার দুই বঙ্গে শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ে। এরপর ৪ অক্টোব থেকে ১৭ অক্টোবর পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। প্রসঙ্গত ৯ অক্টোবর দুর্গাপুজোর বোধন, ১২ অক্টোবর বিসর্জন। অর্থাৎ পুজোর সবকটা দিনই বৃষ্টিতে স্নান করবে বাংলা।

শুধু দুর্গাপুজো নয়, লক্ষ্মী পুজো অর্থাৎ ১৭ অক্টোবর রাজ্যের সমস্ত জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ১৮ অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কিছুটা কমবে। তারপর ধীরে ধীরে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *