Ekhon Bangla

পিছু হটলেন ‘নির্বাসিতা’ রাজন্যা, পিছলো সুকন্যা

আরজি কর ইস্যুতে বানানো শর্ট ফিল্মের রিলিজ আপাতত স্থগিত রাখলেন রাজন্যা হালদার। সোমবার রাজন্যা এবং তাঁর বন্ধু প্রান্তিক চক্রবর্তীর তরফে ই-মেল করে বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানানো হয়। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ও বিচারবিভাগীর প্রক্রিয়ায় আস্থা রেখে তারা মেইলে জানান, “এই মুহূর্তে স্বল্পদৈর্ঘ্যের ছবিটি প্রকাশ করব না। আমরা এই শর্ট ফিল্মটির রিলিজ স্থগিত রাখছি।”

জাস্টিস ফর আর জি কর ইস্যুতে শাসক তৃণমূল কংগ্রেস ক্রমশ ব্যাকফুটে? প্রথমে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর শান্তনু সেন, সাংসদ তথা আইনজীবী সুখেন্দু শেখর রায়ের পর এবার ডাকাবুকো ছাত্র নেত্রী রাজন্যা। আরজি করের প্রেক্ষাপটে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়ে দলের রোষানলে রাজন্যা হালদার। দলের মুখপাত্র কুণাল ঘোষ ট্যুইট করে জানান “আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না। দল এ বিষয়ে কোনও অনুমতি দেয়নি। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে”। এর পরেই তৃণমূল ছাত্র পরিষদ থেকে নির্বাসিত করা হয়েছে রাজন্যা ও প্রান্তিককে। কিন্তু তাতেও নিজের মনোভাবে অটল নির্বাসিতা ছাত্র নেত্রী। অভিনেতা সাংসদের দিকে বিদ্রোহী স্বরে রাজন্যা জানতে চান উনি কি দলকে জানিয়ে প্রধান তৈরি করেছিলেন?

রাজন্যাদের স্বল্পদৈর্ঘ্যের ছবির বিষয়টি সোমবার সুপ্রিম কোর্টের আরজি কর মামলার শুনানিতেও ওঠে। নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে ছবিটি বন্ধ করার নির্দেশ চেয়ে আবেদন করেন।

যে স্বল্প দৈর্ঘ্যের ছবির পোস্টারকে ঘিরে এত বিতর্ক, সেই ‘আগমনী….তিলোত্তমাদের গল্প’ আগামী ২রা অক্টোবর মহালয়ার দিনেই মুক্তি পাওয়ার কথা ছিল। এই ফিল্ম পরিচালনার দায়িত্বে রয়েছেন দল থেকে সাসপেন্ড হওয়া আরেক ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তী। ফিল্মের পোস্টারে নতুন সংযোজিত ক্যাপশন ‘প্রচারে নেই, বিচারে আছি।’

অন্যদিকে শাসক দলের বিদ্রোহী নেতা শান্তনু সেন অভিনীত ফিল্ম ‘সুকন্যা’ আর জি কর ইস্যুতে ব্যাকফুটে। কন্যাশ্রী প্রকল্পের উপর ফিল্মটি আন্দোলনমুখী কলকাতায় ৩০ সেপ্টেম্বর রিলিজ করবার সাহস দেখান নি পরিবেশক থেকে প্রযোজক কেউই। আদৌ এই ছবিটি পুজোর আগে রিলিজ হবে কিনা সেই নিয়ে সংশয়ে ফিল্মের উপস্থাপক সমীর মণ্ডল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *